মরীচিকা ও মোহময়ী - অধ্যায় ৭০
৩
২৮শে ডিসেম্বর
বিকেল পৌনে চারটে।
বড় বড় কাঁচের জানলা গলে করিডোরে শেষ বিকেলের ম্লান আলো এসে পড়েছে।
মেইন বিল্ডিংয়ের তিনতলায় ম্যাথ উইংয়ের করিডোরটা এই সময় প্রায় নিস্তব্ধ হয়ে এসেছে। এমনিতেই এখানে ম্যাথ ছাড়া আর কোন সাবজেক্টের ক্লাস হয় না তাই ছাত্রছাত্রীদের সংখ্যা সীমিত থাকে। আজকের ক্লাস মোটামুটি শেষ।
করিডরে স্টুডেন্টদের গলার আওয়াজ, হাঁটাচলা করার শব্দও কমে এসেছে।
বিদিশা ধীর পায়ে করিডোর দিয়ে হাঁটছিলেন। তার পরনে হালকা পিচ রঙের সুতির শাড়ি। সারাদিনের পরিশ্রমের পর তার চোখেমুখে ক্লান্তির ছাপ থাকলেও, চোখের দৃষ্টি অত্যন্ত সজাগ।
তার মন নানা কারণে চিন্তায় আচ্ছন্ন। তার উপর, সোমবার দিন ডক্টর বাগচীর দেওয়া অফারটা পাবার পর থেকে তার মনে অস্থিরতা বেড়েছে।
যিনি মাত্র ক'দিন আগে তাকে সবার সামনে অপদস্থ করার জন্য সিম্পোজিয়ামের ফান্ডিং আটকে দেবার জঘন্য চক্রের মাস্টারমাইন্ড ছিলেন তিনি আজ নিজে থেকে তাকে এত বড় একটা প্রশাসনিক দায়িত্ব দিতে চাইছেন ? ড. বাগচীর উদ্দেশ্যটা কী?
বিদিশা অঙ্কের লোক।
একটা সমীকরণ না মিললে ধরে নিতে হবে কোথাও একটা ভুল আছে। সেই ভুলটা খুঁজে বের করতে সাহায্য করতে পারেন কেবল একজন।
সেজন্যই তিনি এখন ম্যাথ ডিপার্টমেন্টের সিনিয়র ফ্যাকাল্টি নন্দিতা দাশগুপ্তের কাছে যাচ্ছেন।
নন্দিতার কেবিনের দরজাটা অর্ধেক ভেজানো ছিল। বিদিশা দরজায় মৃদু টোকা মেরে ভেতরে ঢুকলেন।
"আসতে পারি, নন্দিতাদি?"
ভেতরে নন্দিতা দাশগুপ্ত নিজের ডেস্ক গুছিয়ে তার চামড়ার টোট-ব্যাগটায় জলের বোতল ভরছিলেন। সাধারণত এই সময় তিনি বাড়ি যাওয়ার প্রস্তুতি নেন। বিদিশার গলা শুনে তিনি মুখ তুলে তাকালেন। প্রথমে তার চোখেমুখে সামান্য বিস্ময় ফুটে উঠলেও, পরক্ষণেই সেটা একটা আন্তরিক, উষ্ণ হাসিতে পরিণত হলো।
"আরে বিদিশা! এসো, এসো। বোসো,"
নন্দিতা হাতের বোতলটা টেবিলে নামিয়ে রেখে চেয়ারে বসলেন। বিদিশা ডেস্কের সামনের চেয়ারটায় বসলেন।
কেবিনটা বেশ গোছানো। বাতাসে নন্দিতার চুলে মাখা জুঁইফুলের তেলের একটা খুব চেনা, ঘরোয়া সুবাস মিশে আছে।
"কী ব্যাপার বলো তো ? সিম্পোজিয়ামের গ্র্যান্ড সাকসেসের পর তোমাকে তো আর স্টাফরুমে দেখাই যায় না। আমি ভাবছিলাম কাল একবার তোমার সাথে দেখা করব।"
নন্দিতা হাসিমুখে বললেন।
"প্রিন্সিপাল স্যার তো তোমার প্রশংসায় পঞ্চমুখ। উনি নাকি ডক্টর বাগচীকে বলেছেন, 'আপনার ডিপার্টমেন্ট একটা খাঁটি হীরে পেয়েছে।' গোটা ডিপার্টমেন্ট তোমার ম্যানেজমেন্ট স্কিল নিয়ে আলোচনা করছে।
ফান্ডিংয়ের প্রবলেম তুমি যেভাবে নিজের পকেট থেকে টাকা দিয়ে, একার হাতে সামলেছ... আনবিলিভেবল বিদিশা! আই অ্যাম রিয়েলি প্রাউড অফ ইউ।"
নন্দিতার উচ্ছ্বাসে কোনো খাদ ছিল না।
বিদিশা একটু হাসলেন, কিন্তু হাসিটা তার চোখ অবধি পৌঁছল না। ফেস্টের পর নন্দিতাদি নিজে থেকে তার ঘরে এসেছিলেন। আজ তিনি নন্দিতাদির ঘরে এসেছেন।
মাঝের একমাসে বিদিশার মনোভাবের অনেক পরিবর্তন ঘটেছে। তিনি এখন অনেক বেশি সতর্ক, সজাগ। একমাস আগের বিদিশা ড. বাগচীর ঘরে বিনা প্রশ্নে অফারটা গ্রহণ করে নিত।
নন্দিতা অবশ্য এসব লক্ষ্য করলেন না।
"থ্যাংক ইউ, নন্দিতাদি। সবই আপনাদের সাপোর্ট। পরিস্থিতিটাই এমন ছিল যে, ইভেন্টটা বাঁচানো ছাড়া আমার কাছে আর কোনো অপশন ছিল না। তবে আজ আপনার কাছে অন্য একটা বিষয়ে পরামর্শ নিতে এসেছি।"
নন্দিতা একটু অবাক হলেন,
"পরামর্শ? আমার কাছে ? বলো কী ব্যাপার ?"
বিদিশা গলার স্বরটাকে ক্যাজুয়াল রেখে সরাসরি কাজের কথায় এলেন।
"নন্দিতাদি, আপনাকে কি স্টুডেন্ট ওয়েলফেয়ার কমিটির মেম্বারশিপের অফার দেওয়া হয়েছিল? ড. বাগচী আজ সকালে আমাকে ডেকে ওই পোস্টের জন্য কনসিডার করার কথা বললেন..."
কথাটা শেষ হওয়ার আগেই নন্দিতা দাশগুপ্তের মুখের উষ্ণ হাসিটা যেন কেউ একটা সুইচ টিপে নিভিয়ে দিল। কেবিনের ভেতরের পরিবেশটা মুহূর্তের মধ্যে ভারী হয়ে উঠল। বিদিশা স্পষ্ট দেখলেন, নন্দিতাদির চোখেমুখে একটা মিশ্র অনুভূতি। সতর্কতা, বিরক্তি এবং এক ধরনের অজানা আশঙ্কা।
নন্দিতা আর একটা কথাও না বলে তড়িঘড়ি করে নিজের চেয়ার ছেড়ে উঠলেন। তিনি দ্রুত পায়ে দরজার কাছে গিয়ে করিডোরের এদিক-ওদিক একবার ভালো করে দেখে নিলেন। তারপর দরজাটা সজোরে বন্ধ করে, ছিটকিনিটা ভেতর থেকে আটকে দিলেন। তারপর জানালার ব্লাইন্ডসগুলোও টেনে দিলেন যাতে বাইরে থেকে ভেতরের কিছু দেখা না যায়।
বিদিশা ভ্রু কুঁচকে গোটা ব্যাপারটা লক্ষ্য করছিলেন। এত লুকোচুরি করার কী আছে ?
নন্দিতা ফিরে এসে নিজের চেয়ারে বসে ডেস্কের ওপর ঝুঁকে পড়লেন। তার চোখেমুখের ভাবে এখন সতর্কতা আর ভয়।
"আশা করি তুমি এখনো ডক্টর বাগচীকে হ্যাঁ বলোনি?"
তার গলার স্বর এখন ফিসফিসানিতে নেমে এসেছে।
বিদিশা নিজের মেরুদণ্ড সোজা করে বসলেন।
"না, আমি ডিসিশন নেওয়ার জন্য একটু সময় চেয়ে নিয়েছি। আগামী সপ্তাহে জানাব বলেছি",
বিদিশা শান্ত গলায় উত্তর দিলেন।
"কিন্তু, আপনি এভাবে চমকে উঠলেন কেন ? আর, অফারটা রিফিউজই বা করলেন কেন ?"
নন্দিতা একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে হেলান দিলেন। তার কপালে চিন্তার ভাঁজ, চোখ দুটো কুঁচকে গেছে।
"বিদিশা আমি এখানে অনেকদিন আছি। আমি ঝামেলা এড়িয়ে নিজের কাজটুকু করে বাড়ি ফিরতে ভালবাসি। অন্য কমিটির পোস্ট হলে হয়তো আমি রিফিউজ করতাম না। কিন্তু, তুমি জান এই ওয়েলফেয়ার কমিটির কাজ কী ? এই কমিটিকে সরাসরি স্টুডেন্ট কাউন্সিলের সাথে কাজ করতে হয়। আরো স্পষ্ট করে বললে এই ক্যাম্পাসের আন্ডারগ্রাউন্ড পলিটিক্সের সাথে নিয়মিত ইন্টারঅ্যাক্ট করতে হয়।"
বিদিশার চোখের সামনে এক লহমায় গতমাসে ঘটে যাওয়া অনেকগুলো দৃশ্য ভেসে উঠল।
" আমি তোমাকে আগেই বলেছিলাম না, যে এই কাউন্সিলে এমন অনেক স্টুডেন্ট আছে, যারা অত্যন্ত প্রভাবশালী পলিটিক্যাল আর বিজনেস পরিবার থেকে আসা ? এদের প্রোটেকশন দেবার মতো প্রভাবশালী লোকের অভাব নেই। বিক্রম মালহোত্রার চেয়েও অনেক বড় বড় মাথা স্টুডেন্ট কাউন্সিলে বসে আছে।
ওয়েলফেয়ার কমিটিতে থাকার মানেই হল এদের অন্যায় আবদার আর প্রেশার ফেস করা। সায় দিলে নিজের এতদিনকার এথিক্স, নিজের প্রফেশনাল ইন্টিগ্রিটি বিসর্জন দিতে হবে আর নাহলে এরা মিথ্যা অপবাদ দিয়ে তোমার জীবন অতিষ্ঠ করে তুলবে। আমি এই বয়সে এসে ওই উটকো ঝামেলা আর ঘাড়ে পেতে নিতে চাইনি।"
বিদিশা এক মুহূর্ত চুপ করে রইলেন। ডক্টর বাগচীর সেই হুমকিটা তার মনে পড়তে লাগল - 'আপনি আপনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন, মিস গাঙ্গুলি।'
"কিন্তু নন্দিতাদি...একটা কথা আমার মাথায় ঢুকছে না। বিদিশা একটু সামনের দিকে ঝুঁকে এলেন। "আমি এই কলেজে জয়েন করেছি সবে মাত্র আড়াই মাস হলো। এই অবস্থায় ডক্টর বাগচী আমার মতো একজন জুনিয়রকে এত বড় গুরুত্বপূর্ণ আর ক্রুশিয়াল একটা দায়িত্ব দিতে চাইছেন কেন ? ডিপার্টমেন্টে তো আরো অনেকেই আছেন।"
নন্দিতা একটা ম্লান হাসি হাসলেন।
"কে আছে, বিদিশা? তুমি একবার আমাদের ডিপার্টমেন্টের দিকে তাকিয়ে দেখো। ডঃ বাগচী নিজে তো আর স্টুডেন্টদের সাথে গিয়ে মাঠে নামবেন না। ডক্টর ঘোষ সামনের বছর রিটায়ার করবেন, তিনি কোনো ফাইলে সই পর্যন্ত করতে চান না। ডক্টর বোস এই হসপিটাল থেকে ছাড়া পেয়েছেন। ডক্টর দাস পিওর অ্যাকাডেমিক লোক, সবসময় পড়ানো আর নিজের বই লেখা নিয়ে ব্যস্ত থাকেন। তাছাড়া উনি অলরেডি সিলেবাস কমিটিতে আছেন।"
বিদিশা মাথা নাড়লেন, "ডক্টর লাহিড়ী বা সুব্রত সেন তো ছিলেন?"
"লাহিড়ীবাবু নিজের রিসার্চ আর পেপার পাবলিশের বাইরে দুনিয়ার খবর রাখেন না। তার রিসার্চ আর পেপার পাবলিকেশন নিয়ে তিনি এতটাই আচ্ছন্ন যে কোনরকম প্রশাসনিক দায়িত্বের নাম শুনলেই দশ হাত দূরে পালান। মাঝে মাঝে ডিপার্টমেন্টের মিটিংয়েই আসেন না। "
"আর সুব্রত সেন?"
নন্দিতার মুখে একটা চরম বিতৃষ্ণার ভাব ফুটে উঠল।
"উনি এ ধরনের 'স্টুডেন্ট হ্যান্ডলিং' বা ওয়েলফেয়ারের কাজকে তার সম্মানের অনুপযুক্ত মনে করেন। ওনার নজর সবসময় ওপরতলার ফান্ডিং কমিটির দিকে। আর অরিন্দমকে তো তুমি দেখেছ, একটা ফাইল সই করতে গেলে যার হাত কাঁপে, সে স্টুডেন্ট কাউন্সিল সামলাবে? সুমনা তো কারোর সাথেই কথা বলে না। আর মিসেস মিত্র? চারটে বাজতে না বাজতেই যিনি বারবার ঘড়ির দিকে তাকাতে শুরু করেন তিনি কলেজের ঝামেলা মেটাবেন ?"
নন্দিতা থামলেন। তিনি বিদিশার চোখের দিকে সরাসরি তাকিয়ে বললেন, "এখন তুমিই বলো, ডিপার্টমেন্টে আর কে পড়ে রইল?
তুমি।
তুমি নতুন এসেছ, তোমার মধ্যে একটা আগুন আছে।
প্রথমত, তুমি ফেস্ট আর ইমার্জেন্সি সেমিনার দুটোতেই তোমার ম্যানেজমেন্ট স্কিল প্রমাণ করে দিয়েছ। এত ভালো কাজ করার পর, প্রশাসনিক পদের জন্য তুমি তো অটোমেটিক চয়েস হবেই। কিন্তু বিদিশা..."
নন্দিতা গলাটা আরও নামিয়ে ফেললেন,
"এটা একটা ট্র্যাপও হতে পারে। তুমি প্রবেশনারি পিরিয়ডে আছো। তোমার চাকরি এখনও অবধি পার্মানেন্ট নয়। তুমি যদি ওই বজ্জাত ছেলেমেয়ে গুলোর টার্গেট হয়ে যাও আর তারা যদি তোমার নামে একটা ছোটখাটো এলিগেশন ম্যানেজমেন্টের কাছে জমা দেয়, তোমার ক্যারিয়ার কিন্তু শেষ হয়ে যাবে। আমি তোমায় বড় বোনের মতো বলছি, তুমি কাল সকালে ড.বাগচীর অফিসে গিয়ে কোনো একটা অজুহাত দেখিয়ে এই অফারটা ফিরিয়ে দাও।"
চুপ করে পুরোটা শুনে বিদিশা চেয়ারে হেলান দিয়ে বসলেন। তার চোখের দৃষ্টি এখন জানলার বাইরে নিভু নিভু আলোর দিকে স্থির।
নন্দিতাদি এ পর্যন্ত যা যা বলেছেন, তার প্রতিটা কথা খুবই যুক্তিসঙ্গত। সমস্ত দ্বিধা-দ্বন্দ্ব এতেই পরিষ্কার হয়ে যাবার কথা।
কিন্তু, নন্দিতাদি পুরো ছবিটা দেখতে পাচ্ছেন না। বিদিশা পাচ্ছেন।
তিনি নিশ্চিত যে সিম্পোজিয়ামের ফান্ডিংয়ের ক্রাইসিসটা ডক্টর বাগচীরই প্ল্যান ছিল। ডক্টর বাগচী তাকে ফেল করা স্টুডেন্টদের পাস করানোর জন্য চাপ দিয়েছিলেন, বিদিশা তাকে মুখের ওপর না করে এসেছিলেন। তিনি সেই অপমানের বদলা নেবার চেষ্টা করে যাচ্ছেন।
সিম্পোজিয়ামের ফান্ডিংয়ের প্ল্যানটা ভেস্তে যাওয়ার পর উনি এখন ভীষণ খেপে আছেন। সেমিনারটা অনুষ্ঠিত হওয়া আটকাতে ব্যর্থ হবার পর উনি বুঝতে পেরেছেন যে বিদিশাকে অ্যাকাডেমিক বা ম্যানেজমেন্টের দিক থেকে আটকানো অসম্ভব।
তাই এখন বিদিশাকে তাড়ানোর জন্য তিনি 'প্ল্যান বি' অ্যাপ্লাই করছেন। তিনি বিদিশাকে এমন একটা খাদের ধারে নিয়ে গিয়ে দাঁড় করাতে চাইছেন, যেখান থেকে বিদিশা নিজেই পড়ে যাবেন।
স্টুডেন্ট ওয়েলফেয়ার কমিটি।
ডক্টর বাগচী নিজে কিছু করবেন না, তিনি শুধু ঘুঁটি সাজিয়েছেন। বিদিশাকে এই কমিটিতে বসানো মানেই তাকে স্টুডেন্ট কাউন্সিলের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া।
ড. বাগচী খুব ভালো করেই জানেন বিদিশা যখন কাউন্সিলের প্রভাবশালী স্টুডেন্টদের অন্যায় আবদার মানতে চাইবেন না, তখন স্টুডেন্ট কাউন্সিল নিজে থেকেই বিদিশার ওপর ঝাঁপিয়ে পড়বে।
তারপর খুব সহজেই 'ইনকম্পিটেন্স' বা 'স্টুডেন্ট কনফ্লিক্ট'-এর দায়ে দেখিয়ে বিদিশাকে কলেজ থেকে বের করে দেওয়া যাবে।
ডক্টর বাগচীর হাত একদম পরিষ্কার থাকবে।সাপও মরবে, লাঠিও ভাঙবে না। খুব নিখুঁত, ঠান্ডা মাথার একটা প্ল্যান।
কিন্তু, বিদিশা এসব কথা নন্দিতাকে বলতে পারলেন না। নন্দিতা ভালো মানুষ হতে পারেন, কিন্তু তিনি এই কলেজের পলিটিক্সেরই একটা অংশ। এখানে কাউকে পুরোপুরি বিশ্বাস করা বোকামি।
"নন্দিতাদি।"
বিদিশা শান্ত গলায় বললেন, যেন খুব সাধারণ একটা কথা জিজ্ঞেস করছেন, এমনভাবে বললেন,
"ডক্টর বাগচী মানুষ হিসেবে আসলে কেমন?"
নন্দিতা একটু অস্বস্তিতে পড়লেন। এদিক-ওদিক তাকিয়ে বললেন,
"দেখো, এইচওডি-র নামে তো আর এভাবে কথা বলা যায় না। তবে... লোক খারাপ নন, যদি তুমি ওনার গুডবুকে থাকতে পারো। ওনার কথার বাইরে গেলে বা ওনার সাথে ইগো ক্ল্যাশ হলে এই কলেজে চাকরিতে টিকে থাকা মুশকিল। গত দুবছরে ম্যাথের দুজন ফ্যাকাল্টি বাগচীবাবুর সাথে ঝামেলা করে কলেজ ছেড়ে দিয়েছেন।"
"তাই নাকি?" বিদিশা ভুরু কুঁচকালেন।
"হ্যাঁ। মিস্টার অধিকারী বলে একজন খুব এফিসিয়েন্ট টিচার ছিলেন। কিন্তু বাগচীবাবুর সাথে তার প্রায়ই পলিসি নিয়ে ঝামেলা লাগত। শেষে এমন পরিস্থিতি তৈরি হলো যে তিনি নিজে রেজিগনেশন দিয়ে চলে গেলেন।"
বিদিশার চোখের তারা সামান্য প্রসারিত হলো।
"প্রিন্সিপাল স্যার কিছু বললেন না?" বিদিশা অবাক হয়ে জিজ্ঞেস করলেন।
"উনি তো যথেষ্ট কড়া মানুষ বলে মনে হয়।"
নন্দিতা একটা শুকনো, অসহায় হাসি হাসলেন।
"বিদিশা, এটা অনেক ওপর লেভেলের খেলা। প্রিন্সিপাল স্যার কলেজের মুখ হতে পারেন, কিন্তু আসল ক্ষমতা ম্যানেজমেন্ট, ট্রাস্টি বোর্ড, গভর্নিং বডি আর ডোনারদের হাতে থাকে। প্রিন্সিপাল স্যারকে হয়তো কলেজের বৃহত্তর স্বার্থের দোহাই দিয়ে অনেক কিছুই এড়িয়ে যেতে হয়।"
বিদিশার মনে হল, নন্দিতাদি হয় এই নোংরা পলিটিক্সের ভেতরের খবর পুরোপুরি জানেন না, অথবা জানার উপায় থাকলেও নিজের সেফটির জন্য জানতে চান না।
এই কলেজের পলিটিক্সের শেকড় অনেক গভীরে।
"আচ্ছা, ওয়েলফেয়ার কমিটির আসল কাজগুলো কী কী?"
বিদিশা প্রসঙ্গটা ঘোরালেন।
নন্দিতা একটু রিল্যাক্স হলেন।
"কমিটির রুলবুক অনুযায়ী তো অনেক কাজ। প্রথম কাজ হলো, কোন মেরিটোরিয়াস স্টুডেন্ট যেন অর্থাভাবে পড়াশোনা না ছাড়ে, সেটা দেখা। স্কলারশিপের টাকা ঠিকমতো ডিস্ট্রিবিউট হচ্ছে কি না, দুঃস্থ ছাত্রছাত্রীদের টিউশন ফি মকুবের অ্যাপ্লিকেশন ভেরিফাই করা, লাইব্রেরি থেকে তাদের স্পেশাল স্টাডি মেটেরিয়াল দেওয়া, এসব।"
শুনে বিদিশার একটু ভালো লাগল। এই একটা জায়গা যেখানে সত্যিই কিছু পজিটিভ কাজ করার সুযোগ আছে।
"আর কী কাজ থাকে?"
বিদিশার গলায় প্রচ্ছন্ন কৌতূহল।
"দ্বিতীয় কাজ," নন্দিতা আঙুল গুনে বলতে লাগলেন,
"ক্যাম্পাসের জীবনযাত্রার মান। ক্যান্টিনের খাবারের কোয়ালিটি ঠিক আছে কি না, ফিল্টারড জলের ব্যবস্থা, মেডিকেল ইউনিটের ওষুধপত্র, স্টুডেন্ট ইন্স্যুরেন্স, সফট স্কিল ট্রেনিং এসবের তদারকি করা।"
বিদিশা মাথা নাড়লেন। কাজগুলো বিশাল, একটা আস্ত প্রশাসনিক বিভাগের সমান। কিন্তু তিনি চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন।
"এতে তো সমস্যার কিছু দেখছি না," বিদিশা বললেন।
"সমস্যাটা কাজে নয়, কন্ট্রাক্ট যে পাবে তাকে নিয়ে।"
নন্দিতা ফিসফিস করে বললেন।
"ক্যান্টিনের টেন্ডার কে পায় জানো? লোকাল পলিটিক্যাল পার্টির দাদাদের নিজের লোকেরা। তুমি খাবারের মান নিয়ে প্রশ্ন তুললে পরের দিন ক্যাম্পাসে সাপ্লাই বন্ধ হয়ে যাবে। তোমার দিকে আঙুল উঠবে যে তুমি স্টুডেন্টদের খাবার বন্ধ করে দিয়েছ।"
কথাটা শুনে বিদিশার বুকের ভেতরটা উত্তেজনায় টানটান হয়ে উঠল। তিনি বিপদের গভীরতাটা বুঝতে পারলেন।
"আর তৃতীয় কাজ?"
বিদিশা প্রশ্ন করলেন।
নন্দিতা একটা দীর্ঘশ্বাস ফেললেন।
"তৃতীয় কাজটাই সবচেয়ে ঝামেলার।",
নন্দিতা কপালে হাত দিলেন।
"হোস্টেল ওয়েলফেয়ার।"
বিদিশার চোখের পলক পড়া বন্ধ হয়ে গেল।
'হোস্টেল ওয়েলফেয়ার!'
কথাটা শোনার সাথে সাথে তার হার্টবিট হঠাৎ করেই একটু বেড়ে গেল।
অয়ন!
অয়ন তো কলেজের বয়েজ ডর্মেই থাকে! যদি তিনি এই কমিটির দায়িত্ব নেন, তাহলে নিশ্চয়ই সবকটা ডর্মের ভেতরে তার সরাসরি অ্যাক্সেস থাকবে। তিনি সম্পূর্ণ লিগ্যাল এবং প্রফেশনাল গ্রাউন্ডে বয়েজ হোস্টেল পরিদর্শনে যেতে পারবেন।
কোন কারণ ছাড়া তিনি বয়েজ হোস্টেলে গিয়ে অয়নের খোঁজ নিতে পারেন না! সেটা কলেজের ডেকোরামের বাইরে আর তার নিজের আত্মসম্মানেরও পরিপন্থী।
এক্ষেত্রে দূর থেকে হলেও, তিনি অফিশিয়াল ক্যাপাসিটিতে জানতে পারবেন সে ডর্মে কেমন আছে! কেউ কোনো প্রশ্ন তুলবে না। নিজের আত্মসম্মান বজায় রেখেই দূর থেকে তিনি...
এদিকে নন্দিতা বলে চলেছেন,
"এই কলেজের আন্ডারে ছেলেদের এবং মেয়েদের, মিলিয়ে অনেকগুলো বড় বড় হোস্টেল বা ডর্ম আছে। সেই হোস্টেলগুলোর থাকা-খাওয়ার মান, সেখানে স্টুডেন্টদের সিকিউরিটির বিষয়ে তদারকি করা আর যদি কোনো শিক্ষার্থীর কোনো অভিযোগ থাকে, সেটা র্যাগিং হোক অথবা অন্য কোন সমস্যা, সেটার সমাধান করা। এই হোস্টেলগুলোর এত স্টুডেন্টের উপর নজর রাখা, তাদেরকে কন্ট্রোল করা মুখের কথা নয় বিদিশা। এটা একজনের কাজও নয়। রাত-বিরেতে কোন সমস্যা হলে সবার আগে এই কমিটির মেম্বারদের কাছেই ফোন আসে। রাত দুটোর সময় হোস্টেলে যদি দুটো গ্রুপের মধ্যে মারপিট হয়, পুলিশ ডাকার আগে তোমাকে গিয়ে সেখানে দাঁড়াতে হতে পারে। তুমি সামলাতে পারবে এই হিউজ টাস্ক?"
কেবিনের ভেতর কয়েক সেকেন্ডের জন্য একটা পিন-ড্রপ সাইলেন্স নেমে এল। শুধু দেয়ালঘড়ির টিকটিক শব্দটা ছাড়া আর কোনো আওয়াজ নেই।
কেবিনের ভেতরটা এখন প্রায় অন্ধকার হয়ে এসেছে।
কথা বলতে বলতে নন্দিতা বুঝতে পারেননি যে কখন বিদিশা নিজের চিন্তার জগতে তলিয়ে গিয়েছিলেন। নন্দিতা বিদিশার চুপ করে থাকা দেখে একটু ভয় পেলেন।
তিনি একটু চিন্তিত গলায় ডাকলেন,
"বিদিশা ?"
বিদিশার সম্বিৎ ফিরল।
নন্দিতা গলাটা আরও নামিয়ে, প্রায় একটা ভূতের গল্প বলার মতো ফিসফিস করে বললেন,
"বিদিশা, হোস্টেলের দায়িত্বে তুমি যেয়ো না। স্পেশালি নর্থ-ব্লকের বয়েজ হোস্টেলটা। ওটা স্টুডেন্ট কাউন্সিলের ডেন। ওখানে হোস্টেল সুপাররাও ইনস্পেকশনে যেতে ভয় পায়।"
নন্দিতা চেয়ারটা একটু এগিয়ে নিয়ে এলেন। আবছা আলোয় তার মুখটা অদ্ভুত রহস্যময় দেখাচ্ছে।
"তুমি হয়তো জানো না, আজ থেকে ঠিক দশ বছর আগে... ওই নর্থ-ব্লক হোস্টেলের থার্ড ফ্লোরে একটা মারাত্মক ঘটনা ঘটেছিল।"
"কী ঘটনা?"
"একটা ফার্স্ট ইয়ারের ছেলে... নামটা আমার ঠিক মনে নেই, ছাদ থেকে পড়ে মারা যায়"
নন্দিতার গলাটা কাঁপছে।
"তখন অফিশিয়াল পুলিশ রিপোর্টে বলা হয়েছিল, ছেলেটা ডিপ্রেশন থেকে সুইসাইড করেছিল।"
কথাটা শেষ করে তিনি একটা শুকনো ঢোঁক গিললেন।
"কিন্তু, ক্যাম্পাসের ভেতরে সবাই ফিসফিস করে বলত, ওটা আসলে মার্ডার ছিল। স্টুডেন্ট কাউন্সিলের তখনকার লিডারদের সাথে ছেলেটার কোন একটা বিষয় নিয়ে ঝামেলা হয়েছিল তাই ওকে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছিল।"
বিদিশার শিরদাঁড়া বেয়ে একটা বরফের টুকরো যেন নিচে নেমে গেল। অয়ন! অয়নের যা রাগ ! যা জেদ ! ও তো যেকোনো দিন এই কাউন্সিলের ছেলেদের সাথে ঝামেলায় জড়িয়ে পড়তে পারে!
কেবিনের এসি-র ঠান্ডা হাওয়াটা হঠাৎ করেই বিদিশার গায়ে কাঁটা দিয়ে উঠল।
"তারপর কী হলো?" বিদিশা রুদ্ধশ্বাসে জিজ্ঞেস করলেন।
"কিছুই হয়নি।",
নন্দিতা একটা দীর্ঘশ্বাস ফেললেন।
"ম্যানেজমেন্ট, পুলিশ আর পলিটিক্যাল পাওয়ার দিয়ে পুরো কেসটা ধামাচাপা দিয়ে দিল। কিন্তু তারপর থেকে নর্থ-ব্লকের থার্ড ফ্লোরের ওই দিকটা পুরোপুরি পরিত্যক্ত। ওখানে কোনো স্টুডেন্টকে অ্যালটমেন্ট দেওয়া হয় না। সবসময় দরজায় তালা মারা থাকে। স্টুডেন্টরা বলে ওটা নাকি ভূতের আড্ডা; ওখানে নাকি রাতের বেলায় অদ্ভুত সব শব্দ শোনা যায়। কিন্তু সত্যিটা হলো, নর্থ ব্লকটা হল স্টুডেন্ট কাউন্সিলের ছেলেদের একটা সেফ-হাউস। তাই বলছি, তুমি কখনও এই দায়িত্ব নেওয়ার মতো ভুল কাজ কোর না বিদিশা।"
কেবিনের ভেতরে একটা হিমশীতল নিস্তব্ধতা নেমে এল। বাইরের করিডোর দিয়ে কেউ একজন হেঁটে গেল, তার জুতোর শব্দটা ধীরে ধীরে মিলিয়ে গেল।
বিদিশা নিজের কোলের ওপর রাখা হাতের আঙুলগুলো শক্ত করে মুঠি পাকালেন।
"বিদিশা? কী ভাবছ এত? আমি যা বললাম, সেটা মাথায় রেখো।"
নন্দিতা বোধহয় ভেবেছিলেন এই দশ বছর আগের পুরোনো, অমীমাংসিত খুনের রহস্যের কথা শুনে বিদিশা ভয় পাবে।
কিন্তু বিদিশার চোখের দিকে তাকিয়ে তিনি অবাক হয়ে গেলেন।
বিদিশার চোখে ভয়ের কোন চিহ্ন নেই বরং সেখানে জ্বলজ্বল করছে ইস্পাত-কঠিন জেদ।
এই কলেজ সম্পর্কে এতদিন তিনি যা যা ভেবে এসেছেন তার সবটাই মিথ্যে।
আর, এর পেছনে সবচেয়ে বড় অবদান ডক্টর বাগচীর। তার দেওয়া হুমকি, সেমিনার সাবোতাজ করার চেষ্টা আর এবার স্টুডেন্ট ওয়েলফেয়ার কমিটিতে জয়েন করার প্রস্তাব।
প্রত্যেকটা ঘটনা বিদিশাকে কিছু না কিছু শিক্ষা দিয়েছে। আজকে তিনি যা শুনলেন তাতে অন্য কোন সাধারণ শিক্ষিকা হলে একেবারে গুটিয়ে যেত।
কিন্তু, বিদিশা গাঙ্গুলি সাধারণ নন। ইতালিতে একজন মাফিয়ার সাথে ডিল করা বিদিশা স্টুডেন্ট কাউন্সিলের এই পাতি গুন্ডাদের ভয় পাবে?
তারপর সবচেয়ে বড় কথা, ওই হোস্টেল চত্বরেরই কোন একটা ঘরে তার ছেলেটা একা পড়ে থাকে।
বিদিশা ধীরেসুস্থে নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। তার চোখের দৃষ্টিতে হিমালয়ের মতো অটল দৃঢ়তা।
"আমি সবকিছু বুঝতে পারছি, নন্দিতাদি। ইনফরমেশনগুলো দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এগুলো ডিসিশন নিতে আমায় খুব হেল্প করল।"
বিদিশা নিজের শাড়ির আঁচলটা কাঁধের ওপর ঠিক করে নিতে নিতে অত্যন্ত শান্তভাবে বললেন।
"তুমি... তুমি ডক্টর বাগচীকে 'না' বলছ তো?"
নন্দিতাদি একটু কনফিউজড হয়ে জিজ্ঞেস করলেন।
বিদিশা দরজার লকটা আনলক করতে করতে নন্দিতার দিকে ঘাড় ঘুরিয়ে একটা অদ্ভুত হাসি হাসলেন।
"না, নন্দিতাদি। আমি কাল সকালেই আমি ডক্টর বাগচীকে 'হ্যাঁ' জানিয়ে দেব।"
"বিদিশা! তুমি পাগল হলে নাকি ?"
নন্দিতা প্রায় চিৎকার করে ওঠার উপক্রম করলেন।
"আমি এতক্ষণ ধরে তোমাকে কী বোঝালাম?"
"আপনি যা বুঝিয়েছেন, আমি তার সবটাই বুঝেছি, নন্দিতাদি।"
বিদিশার গলার স্বরটা এমনিতে শান্ত আর নরম কিন্তু এখন পাথরের মতো শক্ত শোনাচ্ছে।
"কিন্তু আমি ভয় পেয়ে পিছিয়ে যাওয়ার মতো মেয়ে নই। ডক্টর বাগচী যদি আমাকে উনুনের মধ্যে ঠেলতে চান, তবে সেই উনুনের আগুনটা নেভানো থেকে আমায় কে আটকায়, সেটা আমি দেখে নেব। আসি।"
কথাটা বলে বিদিশা এক সেকেন্ডও দাঁড়ালেন না।
তিনি দরজা খুলে করিডোরে বেরিয়ে গেলেন। তার হিলের খটখট শব্দটা দ্রুত করিডোরে মিলিয়ে যেতে লাগল।
কেবিনের ভেতর একা বসে রইলেন নন্দিতা দাশগুপ্ত। তিনি হতাশায় নিজের কপালে হাত দিলেন। একটা গভীর, দীর্ঘশ্বাস বেরিয়ে এল তার বুক চিরে।
বিদিশা এমন একটা জেদের ঘোরে ঘর থেকে বেরিয়ে গেল যে, তিনি তাকে আসল কথাটা বলার সুযোগই পেলেন না। নর্থ ব্লক তো স্টুডেন্ট কাউন্সিলের জায়গা, ওটা নিয়ে পলিটিক্স আছে। কিন্তু আসল ভয়ংকর জায়গাটা তো ওটা নয়!
নন্দিতাদি বিড়বিড় করে উঠলেন,
"পাগল মেয়ে! নর্থ ব্লকের কথা শুনেই এমন রিঅ্যাক্ট করলে যে, সাউথ ব্লকের কথাটা আমি তুলতেই পারলাম না।"
নন্দিতার চোখের সামনে ভেসে উঠল দক্ষিণ দিকের হোস্টেল কমপ্লেক্সের একদম শেষ প্রান্তে থাকা সেই পুরোনো, স্যাঁতসেঁতে হোস্টেল ব্লকটার ছবি। ক্যাম্পাসের আক্ষরিক অর্থেই 'ডেড এন্ড'। ওই পরিত্যক্ত ডরমিটরির দিকে দিনের বেলাতেও কেউ পা বাড়াতে চায় না। ওই সাউথ ব্লকের আড়ালে যে কী মারাত্মক অন্ধকার লুকিয়ে আছে, সেটা বিদিশাকে কীভাবে জানাবেন তিনি?
বিদিশা তো কিছুই জানে না।
নন্দিতাদি একটা অজানা আশঙ্কায় শিউরে উঠে কেবিনের লাইটটা অফ করে দিয়ে সেখান থেকে দ্রুত বেরিয়ে এলেন। বাইরে তখন গোধূলির আলো নিভে গিয়ে ক্যাম্পাসের ওপর সন্ধ্যার জমাট অন্ধকার নামতে শুরু করেছে।